নয়াদিল্লি, ২২ মে (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বুধবার সকালে নতুন দিল্লি থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হন। আর এদিনই ইরানের রাজধানী তেহরানে পৌঁছে যান তিনি, তেহরানে ধনখড়কে স্বাগত জানান ইরানি কর্তৃপক্ষ। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি রইসি ও ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এই সফর উপ-রাষ্ট্রপতির।
এদিন সকালে উপ-রাষ্ট্রপতির এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়, ইরানের প্রয়াত রাষ্ট্রপতি সৈয়দ ইব্রাহিম রইসি ও ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

