৩য় পূর্বোত্তর গেমসের শেষ দিনেও সুমন জিমির হাত ধরে দুটি পদক ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষ দিনেও ত্রিপুরার পদক জয় অব্যাহত রয়েছে। বেল্ট রেসলিং ইভেন্টে ত্রিপুরা দুটি পদক পেয়েছে। সব মিলে ত্রিপুরার পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ তে। শনিবার বেল্ট রেসলিং ইভেন্টে পুরুষদের ১০০ কেজি বিভাগে সুমন দাস এবং মহিলাদের ৬৫ কেজি বিভাগে জিমি দেববর্মা তৃতীয় স্থান অধিকার করে দুজনেই ব্রোঞ্জ পদক পেয়েছে। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত পদক জয়ের ধারা অব্যাহত রেখে ত্রিপুরা শেষ পর্যন্ত একটি স্বর্ণপদক, চারটি রৌপ্য পদক এবং দশটি ব্রোঞ্জ পদক পেয়ে মোট ১৫ টি পদক জয়ের সাফল্য অর্জন করতে পেরেছে। উল্লেখ্য, ফুটবলে মনিপুরের আধিপত্য সেখানেও বিরাজমান। তৃতীয় নর্থইস্ট গেমসে মনিপুর ফুটবলে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। ফাইনাল ম্যাচে মিজোরামকে ২-১ গোলে হারিয়ে। মনিপুর পূর্বোত্তরে সেরা দলের স্বীকৃতি বজায় রেখেছে। তবে মিজোরাম লড়াকু দলের পরিচয় দিয়েছে প্রথমার্ধের ৪০ মিনিটে স্যাক মেমব্রার পা থেকে গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে রাখার মধ্য দিয়ে। তবে মনিপুর দক্ষতার পরিচয় দিয়েছে এক গোলে পিছিয়ে থেকে পরবর্তী সময় দুই-এক গোলে জয় ছিনিয়ে। খেলার ৭৫ মিনিটের মাথায় ড্র্যাগ এমাঘ গোলটি শোধ করে খেলায় সমতায় ফিরিয়ে আনার পর ৭ মিনিট বাদে সন্দীপ মাতায় আরেকটি গোল করলে মনিপুর জয়ী হয়। আজ-ই তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আয়োজক নাগাল্যান্ড ৪-২ গোলের ব্যবধানে অরুণাচল প্রদেশকে পরাজিত করে ব্রোঞ্জ পদক পেয়েছে। বাস্কেটবল মহিলা বিভাগে সিকিম ৬১-৬০ পয়েন্টে মেঘালয়কে হারিয়ে স্বর্ণপদক পেয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এক পয়েন্টে পিছিয়ে থেকে মেঘালয় রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আসাম ৩৯- ৩৬ পয়েন্টে আয়োজক নাগাল্যান্ড কে পরাজিত করে ব্রোঞ্জ পদক পেয়েছে। পুরুষ বিভাগের খেলায় মিজোরাম ৮২-৭৮ পয়েন্টে আসামকে পরাজিত করে স্বর্ণপদক পেয়েছে। বিজিত আসাম পেয়েছে রৌপ্য পদক। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আয়োজক নাগাল্যান্ড ৭৬-৪৬ পয়েন্টে মণিপুরকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। ভলিবল পুরুষ বিভাগে মিজোরাম ৩-০ সেটে মনিপুরকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছে। মনিপুর পেয়েছে রৌপ্য পদক। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে আসাম তিন-এক সেটে আয়োজক নাগাল্যান্ড কে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে।