বেঙ্গালুরু, ২১ মার্চ (হি.স.): কংগ্রেসে যাচ্ছেন না কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া। তিনি বিজেপিতেই থাকছেন। একইসঙ্গে বলেছেন, মোদীজির ফের প্রধানমন্ত্রী হওয়া উচিত। সদানন্দ গৌড়া এটাও জানিয়েছেন যে, কংগ্রেসে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বেঙ্গালুরু উত্তর লোকসভা আসনের টিকিট পাননি সদানন্দ গৌড়া, এরপরই গুঞ্জন শুরু হয়, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি।
কিন্তু, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া বলেছেন, “আমার জায়গায় অন্য কাউকে নির্বাচনী টিকিট (বেঙ্গালুরু উত্তর আসন থেকে) দেওয়ায় আমি হতাশ। হ্যাঁ, আমাকে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি কংগ্রেসে যোগ দেব না। নরেন্দ্র মোদীর আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত।”
উল্লেখ্য, বেঙ্গালুরু উত্তরের দু’বারের সাংসদ সদানন্দকে এ বার টিকিট দেয়নি বিজেপি। সেখানে প্রার্থী করা হয়েছে আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শোভা করান্দলাজেকে। তার পরেই সোমবার বিজেপি ছাড়ার ‘বার্তা’ দিয়েছিলেন ৭১ বছরের নেতা। কিন্তু, বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই নেই।

