দেশে ৪৫ শতাংশের বেশি স্টার্ট-আপের নেতৃত্বে রয়েছে নারী শক্তি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): দেশে ৪৫ শতাংশের বেশি স্টার্ট-আপের নেতৃত্বে রয়েছে নারী শক্তি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের ৪৫ শতাংশের বেশি স্টার্ট-আপগুলির নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। আমাদের মেয়েরা আধুনিক উদ্ভাবনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গত সোমবার থেকে শুরু হয়েছে স্টার্ট আপ ক্ষেত্রে ভারতের বৃহত্তম প্রদর্শনী – স্টার্ট আপ মহাকুম্ভ।

এই স্টার্ট আপ মহাকুম্ভে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ উদ্ভাবনী ধারণাগুলির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে এবং সেই ধারণাগুলিকে অর্থায়নের উৎসগুলির সঙ্গে সংযুক্ত করেছে। এখন আমরা গর্ব করে বলতে পারি, আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমটি মেগাসিটিতে সীমাবদ্ধ নয়। প্রকৃতপক্ষে, ছোট শহরের যুবকরা স্টার্টআপ ইকোসিস্টেমে বিপ্লবের পথপ্রদর্শক।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারতীয় যুবকদের সামর্থ্যের উপর আস্থা রেখে, আমরা তাঁদের আকাঙ্খাকে উজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মানুষের চিন্তা-চেতনার পরিবর্তন করেছি; চাকরিপ্রার্থী হওয়ার পরিবর্তে তরুণরা এখন চাকরিদাতা হতে আগ্রহী।”