নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): মোদীজি হলেন প্রথম প্রধানমন্ত্রী, যিনি ওবিসিদের সাংবিধানিক অধিকার প্রদান করেছেন। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “কংগ্রেস কখনই অনগ্রসর শ্রেণির কথা চিন্তা করেনি। কংগ্রেস তিন দশকেরও বেশি সময় ধরে কাকা কালেলকর কমিশনের রিপোর্টে মনোযোগ দেয়নি।” বুধবার একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সেই অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেছেন, এবার লক্ষ্যমাত্রা ৪০০ পার, পদ্ম প্রতীকে আমরা ৩৭০টির বেশি আসনে জয়লাভ করব। এই লক্ষ্য অর্জন করা হবে, কারণ প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী ভারতের জনগণের আশা, আকাঙ্খা ও স্বপ্ন পূরণ করেছেন। বিগত ১০ বছরে দেশে কী কী উন্নতি হয়েছে তাও তুলে ধরেন অমিত শাহ। তিনি আরও বলেছেন, “ইউসিসি এখন থেকে নয়, ১৯৫০ সাল থেকে একটি ইস্যু। আমাদের দল এ জন্য আন্দোলন করেছে, আমরা তা থেকে বিচ্যুত হতে পারি না। আমরা বিশ্বাস করি একটি ধর্মনিরপেক্ষ দেশে সবার জন্য একই আইন থাকা উচিত। ইউসিসি হল দেশের মানুষের কাছে বিজেপির প্রতিশ্রুতি।”

