আসানসোল, ২০ মার্চ (হি.স.) : আসানসোলের কুলটি থানার কল্যাণেশ্বরীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের। বুধবার ঘটনাটি ঘটেছে । মৃতের নাম মহম্মদ ওয়ারিস শেখ (১৮)। বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। তিনি মাইথনের লেফ্ট ব্যাংক এলাকায় একটি কোয়ার্টারে ভাড়া থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গেছে, ওই যুবক ১৯ নম্বর জাতীয় সড়কে ডুবুরডিহি পার্কিংয়ে একটি চায়ের দোকানে কাজ করতেন। এদিন সকালে ওই যুবক বাড়ি থেকে বাইক করে ডুবুরডিহিতে যাচ্ছিলেন। কল্যাণেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। সেসময়ই পিছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে যান তিনি। ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরই গা ঢাকা দেয় বাসের চালক ও খালাসি। বাসটিকে আটক করেছে পুলিশ।

