নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং গোয়ায় আসন বন্টনের ঘোষণা করল কংগ্রেস ও আম আদমি পার্টি। দিল্লির ৭টি আসনের মধ্যে কংগ্রেস ৩টি আসনে লড়বে এবং এএপি ৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। গুজরাটের ২৬টি আসনের মধ্যে কংগ্রেস ২৪টিতে এবং এএপি ২টিতে (ভারুচ এবং ভাবনগরে) প্রতিদ্বন্দ্বিতা করবে। হরিয়ানায় ১০টি আসনের মধ্যে কংগ্রেস ৯টি এবং এএপি একটিতে (কুরুক্ষেত্র) প্রতিদ্বন্দ্বিতা করবে। চণ্ডীগড়ে কংগ্রেস একক আসনে লড়বে এবং গোয়ায় দু”টি আসনেই লড়বে কংগ্রেস। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে করে এই আসন বন্টনের ঘোষণা করেছে কংগ্রেস ও এএপি।
কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ মুকুল ওয়াসনিক বলেছেন, “গোয়ায় সিদ্ধান্ত হয়েছিল, কংগ্রেস উভয় লোকসভা আসনে লড়বে। হরিয়ানায় ১০টি লোকসভা আসন রয়েছে। কংগ্রেস ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এএপি একটি আসনে (কুরুক্ষেত্র) প্রার্থী দেবে। চণ্ডীগড় নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, সেখানে কংগ্রেস প্রার্থী লড়বেন। গুজরাটে ২৬টি লোকসভা আসন রয়েছে। কংগ্রেস ২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এএপি ২টি আসনে প্রার্থী দেবে।” মুকুল আরও জানান, “দিল্লিতে লোকসভার আসন সংখ্যা ৭টি। এএপি ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে – নতুন দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লি; কংগ্রেস তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যথাক্রমে চাঁদনি চক, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম।”
এএপি সাংসদ সন্দীপ পাঠক এদিনের সাংবাদিক বৈঠকে বলেছেন, “এখন দেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে – যেভাবে বিজেপি সরকার একে একে সমস্ত প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে, নির্বাচন ”চুরি” হচ্ছে এবং বিরোধী নেতাদের জেতার জন্য জেলে পাঠানো হচ্ছে। নির্বাচন, কৃষকদের সাথে যেভাবে অবিচার করা হচ্ছে, যেভাবে দেশের মানুষ বেকারত্ব ও মূল্যস্ফীতিতে ভুগছে… দেশের একটি সৎ ও শক্তিশালী বিকল্প দরকার। সেটা মাথায় রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থকে পাশে রেখে এবং জাতির স্বার্থের কথা মাথায় রেখে, আমরা এই জোটে একত্রিত হয়েছি।”

