মানকাচরে নেশার ট্যাবেলট ও কফসিরাপ উদ্ধার, গ্রেফতার মাদক কারবারি

মানকাচর (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ শালমারা মানকাচর জেলার অন্তর্গত মানকাচর থানাধীন কুকুরমারা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের নেশাজাতীয় ট্যাবলেট এবং কফসিরাপ উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবার ও পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মানকাচর থানার অফিসার ইনচার্জ দীপক বরগয়ারি জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে তাঁর নেতৃত্বে কুকুরমারায় পুলিশের এক দল অভিযান চালিয়েছিল। অভিযানকালে ধারাকুয়া থেকে মানকাচর অভিমুখী এএস ১৫ এ ০৯৪৫ নম্বরের একটি অটো রিকশার গতিরোধ করা হয়। অটোর আরোহী ওকরাবাড়ি গ্রামের বাসিন্দা জনৈক সবিবুর শেখের ছেলে রাজীব মিঞার হেফাজত থেকে ২,৮৮০টি সন্দেহজনক নেশার ট্যাবলেট এবং ১২৭টি কফ সিরাপের শিশি উদ্ধার হয়৷

ওসি দীপক বরগয়ারি জানান, মাদক দ্রব্য সহ রাজীব মিঞাকে আটক করে তাঁরা থানায় নিয়ে এসেছেন। থানায় জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রাজীবকে গ্রেফতার করা হয়েছে৷