শ্রীনগর, ৬ ফেব্রুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডার দাপট আবারও শুরু হয়েছে কাশ্মীর উপত্যকায়। একধাক্কায় কাশ্মীর উপত্যকার নানা স্থানে অনেকটাই নামল তাপমাত্রার পারদ। পহেলগামে তাপমাত্রার পারদ নেমে মাইনাস ১১.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে পারদ নেমেছে মাইনাস ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনগরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বিগত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাতের সৌজন্যে কাশ্মীরের নানা প্রান্তে এখন শুধু বরফ আর বরফ। মঙ্গলবার সকালে পুঞ্চ জেলার মান্ডি গ্রামের ঘর-বাড়ি, গাছ, রাস্তাঘাট সবকিছু বরফের চাদরে ঢাকা ছিল। পুঞ্চের মুঘল রোডে স্নো ক্লিয়ারেন্স অপারেশন চলছে এখন। এদিকে, মেরামতের জন্য মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, আগামী ২৪ ঘন্টা গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকবে।

