ইডি-র অভিযানে ক্ষুব্ধ অতিশী, দিল্লির মন্ত্রী বললেন ২ বছর ধরে দলীয় নেতাদের হুমকি দেওয়া হচ্ছে

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির প্রায় ১০টি স্থানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান প্রসঙ্গে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। তিনি বলেছেন, বিগত ২ বছর ধরে আমাদের দলীয় নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দিল্লির প্রায় ১০টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সূত্রের খবর, অর্থ তছরুপ মামলার তদন্তের অংশ হিসাবে আম আদমি পার্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিদের ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। এর মধ্যে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাসভবনও।

এই তল্লাশি প্রসঙ্গে এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মন্ত্রী অতিশী বলেছেন, “আম আদমি পার্টির নেতা এবং দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ইডির অভিযান চলছে। এএপি কোষাধ্যক্ষ এবং সাংসদ এন ডি গুপ্তা, অরবিন্দ কেজরিওয়ালের পিএ এবং অন্যান্যদের বাড়িতে অভিযান চলছে। বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে আমাদের দলকে দমন করতে চায়, কিন্তু আমি তাঁদের বলতে চাই আমরা ভয় পাব না।”

অতিশী আরও বলেছেন, “বিগত দুই বছর ধরে আমাদের দলের নেতাদের হুমকি দেওয়া হচ্ছে। এই তথাকথিত আবগারি কেলেঙ্কারির নামে কারও বাড়িতে হানা দেওয়া হচ্ছে, কাউকে সমন পাঠানো হচ্ছে, আবার কাউকে গ্রেফতার করা হচ্ছে। দুই বছরে শত শত অভিযানের পরেও ইডি একটি টাকাও উদ্ধার করতে পারেনি। এমনকি দু’বছর পেরিয়ে গেলেও ইডি কোনও সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে পায়নি এবং আদালতও বারবার প্রমাণ উপস্থাপন করতে বলেছে।”