মালদহ, ৬ ফেব্রুয়ারি (হি.স.): চাঁচলের পর এবার হবিবপুর। ফের মালদহে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। অভিযোগ, সোমবার রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রেখে, খুনের হুমকি দিয়ে সোনার দোকানের শাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা।
এরপর দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, কয়েক লক্ষ টাকার সোনা-রুপো চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে হবিবপুর থানার পুলিশ। উল্লেখ্য, গত বছর বড়দিনের সন্ধ্যায় চাঁচলে একটি সোনার দোকানে ডাকাতি হয়। ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। মাস দেড়েকের মধ্যে এবার হবিবপুরে একই ঘটনা ঘটল। বারবার ডাকাতির ঘটনায় আতঙ্কে মালদহের ব্যবসায়ীরা।

