মুম্বই, ২৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্র রাজ্য সমবায় (এমএসসি) ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হয়েছেন শরদ পওয়ার শিবিরের এনসিপি নেতা রোহিত পওয়ার। রোহিতকে বুধবার ডেকে পাঠিয়েছিল ইডি, সেই মতো এদিনই মুম্বইয়ে ইডি-র দফতরে তিনি হাজিরা দেন। বুধবার সকালে দলের প্রধান শরদ পওয়ারের পা স্পর্শ করেন রোহিত, এরপর এনসিপি-র কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলের সঙ্গে ইডি-র দফতরে পৌঁছন।
সুপ্রিয়া এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “তদন্ত অবশ্যই স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। আমার ইডি-র ওপরে সম্পূর্ণ আস্থা আছে এবং আমি নিশ্চিত তাঁরা রোহিতের কথা শুনবেন। আমরা সমস্ত সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করতে যাচ্ছি, কারণ আমাদের লুকানোর কিছু নেই।” সুপ্রিয়া আরও বলেছেন, “আমরা যদি কিছু ভুল না করে থাকি, তাহলে তদন্তের চাপে আসার প্রশ্নই আসে না।” সুপ্রিয়া জোর দিয়ে বলেছেন, “সত্যেরই জয় হবে।”

