গুমলা, ২০ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের গুমলা জেলায় শনিবার সকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শনিবার প্রাতঃভ্রমণে বেড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন ওই ব্যক্তি ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গুমলা জেলার চৈনপুর ব্লক সদরের সাফি নদীর সেতুর কাছে এক ব্যক্তি প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছিলেন, আচমকাই একটি দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। চৈনপুর পুলিশ খবর পেয়ে ব্যক্তিকে চৈনপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক ডিএন ঠাকুর তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম গোবিন্দ চৌধুরী (৩৫)। জানা গিয়েছে, মৃত ব্যক্তি চৈনপুর ব্লক কলোনিতে আলটিমা কোম্পানির কোয়ার্টারে থাকতেন।
আলটিমা কোম্পানির এক কর্মচারী জানান, গোবিন্দ চৌধুরী বিহারের নওয়াদা জেলার বাসিন্দা ছিলেন। তিনি আলটিমা কোম্পানিতে জেসিবি অপারেটর হিসেবে কাজ করতেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য গুমলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

