ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা তামিলনাড়ুর রঞ্জি ম্যাচের তথৈবচ চেহারা। তেমন কোনও উন্নতি ঘটে নি। তৃতীয় দিনে ফের প্রথম দিনের প্রতিচ্ছবি। ম্যাচ রেফেরি, আম্পায়াররা একাধিকবার মাঠে গিয়ে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী আবহাওয়ার পাশাপাশি সূর্যালোকের প্রাবল্য পরখ করলেও ব্যাট-বল হাতে খেলোয়াড়দের মাঠে নামতে সবুজ সংকেত দিতে পারেননি। আগামীকাল ম্যাচের চতুর্থ তথা অন্তিম দিন, তবে যতটুকু মনে হচ্ছে নিষ্ফলা এই ম্যাচ থেকে দু-দল দুই-দুই করে পয়েন্ট ভাগ করে নিতে সক্ষম হবে। খেলা যা হয়েছে দ্বিতীয় দিনে সেই ৪১ ওভারে তামিলনাড়ুর ২ উইকেটে ১২২ রানের কথাই স্কোরকার্ডে উল্লেখিত রয়েছে। বলা বাহুল্য, মাঠে খেলা না হলেও দু-দলের খেলোয়াড়রা কিন্তু বসে নেই। মাঠের দু’ধারে পালা করে স্ট্রেচিং, স্ট্রেন্থনিং সহ প্রয়োজনীয় অনুশীলনে নিজেরা ব্যস্ত রয়েছেন। শনিবার, লাঞ্চ আওয়ারের পর খেলা শুরু হলে তামিলনাড়ুর অধিনায়ক আর সাই কিশোর টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ত্রিপুরার দুই বোলার মনি শঙ্কর মুরাসিং এবং রানা দত্ত-র তান্ডবে শুরু থেকেই চাপে পড়ে সফররত দল। দলীয় ২৯ রানের মধ্যে তামিলনাড়ু হারায় দুই ওপেনার আর বিমল খুমার (১৪) এবং বি শচীন-কে (৫)। চাপের মুখে দৃঢ়তার সঙ্গে ব্যাট করতে থাকেন বি ইন্দ্রনাথ এবং বিজয় শঙ্কর। ওই জুটি পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় ত্রিপুরার যাবতীয় আক্রমণের মোকাবেলা করেন ওই দুই ব্যাটসম্যান। এবং স্কোরবোর্ড সচল রাখেন। মন্দ আলোর জন্য শেষে যখন খেলা বন্ধ হয় তখন তামিলনাড়ু ৪১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১২২ রান করে। বিজয় শঙ্কর ৮৩ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানে এবং ইন্দ্রনাথ ১০৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর ১১ রানে এবং রাণা ২৬ রানে ১ টি করে উইকেট দখল করেন। আগামীকাল আবহাওয়া কেমন হয় এবং ক্রিকেটাররা ব্যাটে বলে কিরূপ ভূমিকা নেয় তাই এখন দেখার বিষয়।






