জয়পুর, ১১ জানুয়ারি (হি.স.): কনকনে শীতের দাপটে জবুথবু অবস্থা মরুরাজ্য রাজস্থানে, শীত এতটাই বেশি যে মাউন্ট আবুতে হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর বরফের হালকা আস্তরণ পড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজস্থানের সিকারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াস, রাজস্থানের মধ্যে সবথেকে শীতলতম ছিল শিকার, দ্বিতীয় শীতলতম স্থান ছিল চুরু, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.০ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় জনজীবন প্রভাবিত হয়েছে জয়পুরেও।
বৃহস্পতিবার ঠান্ডায় কেঁপেছে জাতীয় রাজধানী দিল্লিও, শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশেও। দিল্লির সফদরজং-এ এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং লোধি রোডে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শীতে নাজেহাল অবস্থা পঞ্জাব, হরিয়ানাতেও। এই দুই রাজ্যে এদিন সকালের কুয়াশারও দাপট অত্যধিক ছিল, ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।

