আসানসোল, ২৯ ডিসেম্বর, (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আসানসোলের কুলটি থানা এলাকা কয়েক লক্ষ টাকা মূল্যের সাপের বিষ বাজেয়াপ্ত করল বন দফতর। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বহুমূল্যের এই সাপের বিষ পাচার করা হচ্ছিল বলে খবর আসে বন দফতরের কাছে। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের হদিশ পান বনকর্মীরা। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি কন্টেনার ভর্তি সাপের বিষ। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার রাতে কলকাতা বন দফতরের কাছে খবর আসে কুলটি থানার সাকতোঁড়িয়া ফাঁড়ির চিনাকুড়ি এলাকা দিয়ে রাতের অন্ধকারে চারচাকা গাড়িতে করে সাপের বিষ পাচার করা হতে পারে। এরপরই পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন বন কর্তারা। নির্দিষ্ট স্থানে আগে পজিশন নিয়ে নেন তাঁরা।
রাত দেড়টা নাগাদ চারচাকার গাড়িটি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ ও বনকর্মীরা ঘিরে ধরেন। তল্লাশি শুরু হতেই সাপের বিষ পাওয়া যায় গাড়ি । হাতেনাতে গ্রেফতার করা হয় পাচারকারীদের। বাজেয়াপ্ত করা হয় কন্টেনারে থাকা সাপের বিষ।
আসানসোল বন দফতরের রেঞ্জ অফিসার সুজয় পতি জানান, কয়েক লক্ষ টাকা মূল্যের এই সাপের বিষ আন্তর্জাতিক বাজারে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ।

