নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারত গণতন্ত্রের জননী; ভারত বৃহত্তম গণতন্ত্র, যেখানে সবাই সমান। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রবিবার উপ-রাষ্ট্রপতি নিবাসে ২০২৩ ব্যাচের ভারতীয় পরিসংখ্যান পরিষেবা (আইএসএস) প্রবেশনকারীদের সঙ্গে মতবিনিময় করেন উপ-রাষ্ট্রপতি। এই অফিসারদের উপ-রাষ্ট্রপতি বলেছেন, “উত্তরাধিকার, বংশ অথবা পৃষ্ঠপোষকতার কারণে আপনারা এই পরিষেবায় নন, শিক্ষার কারণে। এখন আমাদের কাছে এমন একটি ব্যবস্থা রয়েছে, যেখানে প্রতিটি তরুণ নিজস্ব প্রতিভাকে কাজে লাগাতে এবং নিজেদের স্বপ্ন ও আকাঙ্খাগুলিকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে।”
উপ-রাষ্ট্রপতি বলেছেন, “আমাদের সংস্কৃতি হল- কথা ও সংলাপ। ঝগড়া করো না, সংঘর্ষ করো না, সহযোগিতা করো! এটা সবার দেশ, সবাই মিলে উন্নয়ন করব।” ধনখড় বলেছেন, “আমরা ভাগ্যবান, আমাদের কাছে এমন একজন প্রধানমন্ত্রী আছেন, যিনি উন্নয়নের প্রতি অনুরাগী, যার একটি মিশন রয়েছে ২০৪৭ সালের মধ্যে আমাদের ভারতকে একটি উন্নত দেশ হিসেবে উন্নীত করা। আইএমএফ এবং বিশ্বব্যাঙ্ক ভারতকে বিনিয়োগ ও সুযোগের জন্য প্রিয় গন্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

