বাজারিছড়া (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কাঁঠালতলিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিন ব্যক্তি। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দুর্ঘটনার পর স্থানীয় ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়কে অবরোধ গড়ে প্রতিবাদ সংগঠিত করেন স্থানীয়রা। অবশ্য পুলিশের হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
ঘটনা শুক্রবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ সংঘটিত হয়েছে। জানা গেছে, কাঁঠালতলিগামী একটি বাঁশ বোঝাই ট্রাক উত্তর ত্রিপুরা জেলার কালাগাঙের পার এলাকায় এক মোটর বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। প্রচণ্ড ধাক্কায় দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। বাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে পাশের খাদে। এতে ট্রাকের চালকও গুরুতরভাবে জখম হন। ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যান কাঁঠালতলি ফাঁড়ি পুলিশের কর্মীরা। তাঁরা ঘটনার তদন্ত করছেন। ততক্ষণে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বসেন। স্থানীয়দের অভিযোগ, কাঁঠালতলি এলাকার ডিএসপি টার্নিঙে প্রতিনিয়ত যান দুর্ঘটনা সংঘটিত হয়। এ ব্যাপারে সড়ক কর্তৃপক্ষ সহ প্রশাসনকে বার-বার জানানো হলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুলিশের হস্তক্ষেপে রাত প্রায় এগারোটা নাগাদ জাতীয় সড়ককে অবরোধ মুক্ত করা হয়।

