দু’টি কামরা ছিঁড়ে দৌড়ল মুম্বইগামী ট্রেন! বাকিটা থেকে গেল বীরশিবপুরে, ট্রেন বন্ধ হাওড়া-খড়্গপুর শাখায়

হাওড়া, ১৬ ডিসেম্বর (হি.স.): অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই মেল। শুক্রবার রাতে ট্রেনের কাপলিং খুলে দু’টি কামরা নিয়েই গন্তব্যের দিকে রওনা দেয় মুম্বই মেল। বাকি কামরা থেকে যায় হাওড়া-খড়্গপুর শাখার বীরশিবপুর স্টেশনেই। এই দুর্ঘটনার ফলে শুক্রবার রাত ৯টা থেকে হাওড়া-খড়্গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় চার ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টার পর রাত দেড়টা নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় মুম্বই মেলটি।

রেল সূত্র খবর, শুক্রবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশন থেকে আপ মুম্বই মেল ছাড়ার ঠিক পরেই ট্রেনের কাপলিং খুলে যায় বীরশিবপুর স্টেশনের কাছে। দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে যায় ট্রেনটি। যাত্রীরা জানান, জোরে শব্দ করে ট্রেনটি কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন দু’টি কোচ নিয়ে ইঞ্জিন এগিয়ে গিয়ে থেমে গিয়েছে। বাকি কামরাগুলো পিছনেই রয়ে গিয়েছে। খবর পেয়ে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে কাপলিং মেরামতের কাজ শুরু করেন। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা।