গোঘাটে কৃষকদের উপর অত্যাচারের তদন্ত সহ বিভিন্ন দাবীতে কিষান মোর্চার বিক্ষোভ

বাঁকুড়া, ১১ ডিসেম্বর (হি.স.) : গোঘাটে কৃষকদের উপর অত্যাচারের সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি সহ এক গুচ্ছ দাবীতে বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চার বড়জোড়া মন্ডল – ১ এর পক্ষ থেকে ব্লক কৃষি আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১০ নাগাদ একটি বিক্ষোভ মিছিল শিল্পাঞ্চল পরিক্রমা করে কৃষি আধিকারিক অফিসের সামনে পথসভা করে। সেখানে দলীয় ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনের বড়জোড়া মন্ডল – ১ এর সভাপতি সুরজিৎ দাস, মন্ডল – ২ এর সভাপতি আদিত্য মান, দুলাল বাসু, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস বোস,কিষাণ মোর্চা জেলা ইনচার্জ অনুপম পাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অরূপ দে ও দলের বড়জোড়া মন্ডল এর সভাপতি গোবিন্দ ঘোষ ।
তাদের দাবি গোঘাটে কৃষকদের উপর অত্যাচারের এর সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে । এছাড়াও মিগজাউমের ফলে কৃষকদের যে ক্ষতি হয়েছে তাদেরকে শষ্য বীমার টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আলু চাষিরা যাতে সরকারের কাছ থেকে পাঞ্জাব থেকে আনা আলুবীজ পান তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কীটনাশক ও রাসায়নিক সারের কালো বাজারি বন্ধ করে চাষিদের ন্যাহ্য মূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিন সংগঠনের পক্ষ থেকে ব্লক কৃষি আধিকারিকের দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়।। ব্লক কৃষি দফতরের সহ কৃষি আধিকারিক গৌতম মজুমদার জানিয়েছেন বিষয়টি তিনি উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে দেবেন।