পূর্ববর্তী সমস্ত সরকার মহাত্মা গান্ধীর মতাদর্শ ভুলে গিয়েছিল : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): দিল্লির রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমি মনে করি, পূর্ববর্তী সমস্ত সরকার মহাত্মা গান্ধীর মতাদর্শ ভুলে গিয়েছিল। মূর্তি উন্মোচনের পর রাজঘাটের কাছে ”গান্ধী স্মৃতি” আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনাথ সিং।

তিনি বলেছেন, “আমি মনে করি আগের সমস্ত সরকারই মহাত্মা গান্ধীর মতাদর্শের কথা ভুলে গিয়েছিল। আমি সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে চাই, প্রধানমন্ত্রী মোদী মহাত্মা গান্ধীর আদর্শকে তাঁর জীবনে গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী মানুষের সেবা করেছেন…প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর প্রথম কাজ ছিল ”স্বচ্ছ ভারত”। মহাত্মা গান্ধীই আসলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলেছিলেন।”
রাজনাথ আরও বলেছেন, “এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আজ তাঁর সমাধি, রাজঘাটের কাছে মহাত্মা গান্ধীর একটি বিরাট মূর্তি উন্মোচন করা হয়েছে। মহাত্মা গান্ধীর মূর্তি দেশ-বিদেশের অগণিত স্থানে স্থাপন করা হলেও, তাঁর সমাধির কাছে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করা হয়েছে। একটি বিশাল মূর্তি স্থাপন অবশ্যই একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ।”