বীরভূম, ১৫ নভেম্বর (হি.স.) : বুধবার ভাইফোঁটার সকালে একটি ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। তাঁর মাথা পিষে দিয়ে গেল ট্র্যাক্টরের চাকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করেছে পুলিশ। যদিও ট্র্যাক্টরের চালক পলাতক।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রীতা সাহু। বীরভূমের মাড়গ্রাম থানার ছোচৌকির বাসিন্দা রীতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে যেতে এসেছিলেন দাদা। ভাইফোঁটার সকালে ভাই-বোন মিলে ঝাড়খণ্ড যাওয়ার পথে দুর্ঘটনা হয়। মিষ্টি কিনে রাস্তা পার করছিলেন বোন। রাস্তার ওপারে মোটরাবাইক নিয়ে অপেক্ষায় দাদা কুশেন সাহু। পিছন থেকে বোনের ওপর চড়াও হয় ট্রাক্টর। তাতে প্রাণ হারান রীতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বীরভূমের নলহাটির রামমন্দিরের কাছে দুর্ঘটনাটি হয়। বোনকে হারিয়ে বাক্রুদ্ধ দাদা কিছুই বলতে পারছেন না। বলছেন, বাড়িতে গিয়ে কী বলবেন! কুশেন জানান, তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার কানিঝারা গ্রামে। বোনকে নিয়ে তিনি সেখানে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নলহাটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

