কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): ‘বিজয়ার আমেজে বাংলার ঐতিহ্যের উপরে ফের আক্রমণ’, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানায় প্রতিক্রিয়া রাজ্যের আর এক মন্ত্রী শশী পাঁজার।
শশী পাঁজা বৃহস্পতিবার সংবাদমাধ্যমে বলেছেন, “দুর্গাপুজো এবং বিজয়া দশমীর আবহে সিবিআই এবং ইডি-র মাধ্যমে আবার তদন্তের কাজ শুরু হয়েছে। হিংসার কাজ এটা বোঝাই যায়। বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল নয়। এমনকি পুজোর আগে যখন আমরা ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে উদ্ধারের চেষ্টা করছিলাম, তখনও তদন্তের নামে সক্রিয় ছিল সিবিআই এবং ইডি। ২০২৪-কে লক্ষ্য করে মমতা ব্যানার্জি যে পদক্ষেপ করেছেন, তার বিরোধিতা করাই এই সব কেন্দ্রীয় অভিযানের লক্ষ্য।”
জ্যোতিপ্রিয়বাবুর ফটকে বাধা পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, ‘আমি জানতাম না ইডি অভিযানের কথা। এসেছিলাম বিজয়া করতে আর আমার বাড়ির লক্ষ্মীপুজোয় নেমন্তন্ন করতে। ফোন করে আসি না কখনই। তাই জানতাম না। মিষ্টির প্যাকেট হাতে এসে দেখি এই কাণ্ড। তবে, আইনের পথে আইন জবাব দেবে।’

