নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): দেখতে দেখতে ৫৩ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিনার কুম্বলে। লেগ স্পিনে গতি ও বাউন্স যোগ করে বাইস গজে ব্যাটাদের চাপে ফেলতে ওস্তাদ ছিলেন তিনি। তাঁর সতীর্থরা কুম্বলেকে ‘জাম্বো’ বলে ডাকতেন। পরবর্তীকালে তাঁর এই ডাকনাম রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে।
১৮ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন কুম্বলে। দেশের জার্সিতে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯০ সালের এপ্রিলে। টেস্ট ক্রিকেটে তাঁর হাতেখড়ি হয় সেই বছরের অগস্টে। মোট ১৩২টি টেস্ট ও ২৭১টি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে কুম্বলে নিয়েছেন যথাক্রমে ৬১৯টি উইকেট এবং ৩৩৭টি উইকেট। একইসঙ্গে ব্যাট হাতে ১৩২টি টেস্টে তাঁর প্রাপ্তি ২৫০৬ রান। টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল ১টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। এবং ২৭১টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে তিনি করেন ৯৩৮ রান।
তার জন্মদিনে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। সেবার টেস্টে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন তারকা স্পিনার অনিল কুম্বলে। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিম লেকারের পর, দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

