শিলিগুড়ি, ১১ অক্টোবর (হি. স.) : ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির বর্ধমান রোডের একটি নার্সিংহোমে। বুধবার ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, এদিন সকালে বমি হওয়ার কারণে আড়াই বছরের ওই শিশুকন্যাকে নার্সিংহোমে নিয়ে যান তার বাবা। নিজে হেঁটেই নার্সিংহোমে যায় শিশুটি। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
অভিযোগ, শিশুকন্যাকে একই ইনজেকশন দুবার দেওয়া হয়েছে। এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় নার্সিংহোমে চত্বরে। স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতার পরিবারের তরফে জানা গেছে, এবিষয়ে পুলিশে লিখিত অভিযোগ জানানো হবে।

