নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স) : হিমাচল প্রদেশে বৃষ্টি, বন্যা পরিস্থিতি ও ভূমিধসের ফলে সেখানে যে ধ্বংসলীলা হয়েছে তাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করল কংগ্রেস।
হিমাচল প্রদেশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজীব শুক্লা বুধবার বলেন, হিমাচলের ইতিহাসে এইরকম ভয়ঙ্কর ধ্বংসলীলা এর আগে হয়নি। হিমাচলে এখনও পর্যন্ত ৩৩০ জন প্রাণ হারিয়েছেন এবং ১২ হাজার বাড়ি-ঘর ভেঙে গিয়েছে। মোট ১৩ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে হিমাচলে। প্রায় ৭৫ হাজার পর্যটক এবং ১৭ হাজার যানবাহন ধ্বংসলীলায় আটকে পড়েছিল, তাদের ৪৮ ঘন্টার মধ্যে হিমাচল সরকার উদ্ধার করে।
তিনি আরও বলেন, উত্তরাখণ্ডের কেদারনাথে ধ্বংসলীলার সময় এবং গুজরাটের ভুজের ভূমিকম্পের সময় যে ত্রাণ প্যাকেজ দেওয়া হয়েছিল, সেইরকমই কেন্দ্রীয় সরকারের উচিত হিমাচল প্রদেশকেও ত্রাণ প্যাকেজ দেওয়া। সরকার এখন পর্যন্ত মাত্র ২০০ কোটি টাকা দিয়েছে, কিন্তু আমরা ১০ হাজার কোটি টাকা দাবি করছি। শুক্লা হিমাচল প্রদেশকে সাহায্য করার জন্য দেশের সকল মানুষকে অনুরোধ করেন।

