ত্রিপুরায় ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে ধর্না

আগরতলা, ৭ জুন (হি.স.) : ত্রিপুরায় ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবারের উদ্যোগে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে ধর্নায় বসেছেন জনজাতিদের ৬৫টি সংগঠনের কর্মীরা। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধর্নায় বসেছিলেন তাঁরা।

এদিন ধর্না মঞ্চে উপস্থিত প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, ৫০ বছর ধরে জনজাতিরা ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করার দাবি জানিয়ে আসছেন। কংগ্রেস সরকারের আমলে এই দাবি নিয়ে একটি ভাষা কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশনের রিপোর্টে জানা গিয়েছে, ত্রিপুরার ৮০ শতাংশ জনজাতি ককবরক ভাষাকে রোমান হরফে চাইছেন। কিন্তু ত্রিপুরার জনজাতিদের জন্য দূর্ভাগ্যের বিষয়, পূর্বতন বামফ্রন্ট সরকার ওই দাবিটি বাস্তবায়িত করেনি। তাঁর সাফ কথা, ভাষা কমিশনের রিপোর্ট নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

জনৈক আন্দোলনকারী হুশিয়ারী দিয়ে বলেন, সরকার অতি সত্বর তাঁদের দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে।