নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ভোলানন্দ পল্লীতে গতকাল রাতে দুর্বৃত্তরা একটি বাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর এবং পরিবারের দুজনকে পিটিয়ে জখম করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে কিছু অত্যুৎসাহী লোকজন হামলা হুজ্জতির ঘটনা অব্যাহত রেখেছে৷ গতকাল রাতেও রাজধানী আগরতলা শহর এলাকার ভোলা নন্দীপল্লীতে কতিপয় দুষৃকতিকারী একটি বাড়িতে ঢুকে পরিবারের লোকজনদের বেধড়ক মারধর করে৷ তাতে শাহজাহান মিয়া ও রোপণ মিয়া নামে দুজন আহত হন৷ পরিবারের মহিলাদেরকেও তারা মারধরের চেষ্টা করে৷ দুষৃকতিকারীরা একটি গাড়ির গ্লাস ভেঙ্গে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ভোলানন্দ পল্লী এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পরিবারের এক যুবতী জানায় দুষৃকতীরা বাইক সুকটি নিয়ে তাদের বাড়িতে এসে হামলা চালিয়েছে৷ পরিবারের লোকজনদেরকে তারা প্রাণনাশের হুমকি দিয়েছে৷ আক্রান্ত পরিবারের লোকজনরাও শাসক দল বিজেপির সমর্থক বলে দাবি করা হয়েছে৷ কেন দুর্বৃত্তরা এ ঘটনা সংঘটিত করেছে সে বিষয়ে অবশ্য পরিবারের লোকজনরা কিছুই জানাতে পারেননি৷
2023-05-27

