নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ ত্রিপুরা তপশিলি জাতি সমিতির উদ্যোগে রবিবার আম্বেদকর ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক নয়ন সরকার এবং রামু দাস সহ অন্যান্য নেতৃত্ব৷ প্রাক্তন বিধায়ক সুধন দাস এদিন সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যের বর্তমানে গণতন্ত্রের উপর বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে৷ এবং বিরোধীদের উপর যেভাবে অত্যাচার নামিয়ে আনছে তা উদ্বেগ জনক৷ সবচেয়ে বড় বিষয় হলো গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে৷ এগুলি নিয়ে আওয়াজ তুলা যাচ্ছে না৷ সারাদেশে যেমন এ ধরনের স্বৈরাচারী একদলীয় শাসন ব্যবস্থা চলছে, তার প্রতিফলন ত্রিপুরা রাজ্য হচ্ছে৷ ২০১৮ সালে মানুষকে বিভিন্নভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল৷ তারপর মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল৷ ফলে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে তাদের উপর মানুষের জনসমর্থন কমেছে৷ কমেছে আসন সংখ্যাও৷ তারপরেও ভোট ভাগাভাগির কারণে তারা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি৷
2023-05-14

