ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। সাংবাদিক খেলোয়াড়রা দীর্ঘদিন ধরেই বিনোদনমূলক খেলায় অংশ নিয়ে আসছে। ক্রিকেট ও ফুটবল তার মধ্যে অন্যতম। বিশেষ করে সাংবাদিক ক্রিকেটাররা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, আগরতলা প্রেসক্লাব এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সাংগঠনিক নামে বিভিন্ন সময়ে প্রীতিমূলক এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে আসছে। ক্রিকেটের প্রতি সাংবাদিক খেলোয়াড়দের আরো উৎসাহিত করার লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটি এক দারুন উদ্যোগ আজ বাস্তবায়িত করেছে। উদীয়মান ক্রিকেটারদের পাশাপাশি মহকুমা ও জেলা স্তরে সব ধরনের ক্রিকেট সংগঠনের হাতে পরিমিত ও প্রয়োজনীয় সংখ্যক ক্রিকেট সামগ্রী তুলে দেওয়ার মতো আজ, বৃহস্পতিবার টিসিএ-র পক্ষ থেকে সাংবাদিকদের নিয়ে গঠিত তিনটি ক্লাবকেও সম্পূর্ণ ক্রিকেট গিয়ার্স প্রদান করা হয়। আজ দুপুরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদর কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে টিসিএ-র পক্ষ থেকে সহ-সভাপতি তিমির চন্দ, সম্পাদক তাপস ঘোষ, সহ-সম্পাদক জয়ন্ত দে, এপেক্স কাউন্সিল মেম্বার তথা উইমেন্স ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির কনভেনার অলক ঘোষ প্রমূখ ক্লাব প্রতিনিধিদের হাতে কিটস্ ব্যাগ তুলে দেন। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষে সুপ্রভাত দেবনাথ ও অরিন্দম চক্রবর্তী, আগরতলা প্রেসক্লাবের পক্ষে অভিষেক দেববর্মা ও অভিজিৎ ভট্টাচার্য, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব-এর পক্ষে সুব্রত দেবনাথ প্রমূখ ক্রিকেট কিটস্ ব্যাগগুলো গ্রহণ করেন। দারুন উৎসাহ এবং উদ্দীপনার জোয়ার। ক্রিকেটে পরিকাঠামোগত প্রভূত উন্নতি হচ্ছে। প্রতিযোগিতা বেড়েছে। খেলার সংখ্যাও বেড়ে চলেছে। সুযোগও প্রচুর ক্রিকেটারদের। বেশ কিছু মাঠকে ক্রিকেট খেলার উপযোগী করে তোলা হচ্ছে। ইতোমধ্যে বিদেশ এবং বহি:রাজ্যের স্বনামধন্য কোচদের তত্ত্বাবধানে রাজ্যের ক্রিকেট দলগুলোর আরও উন্নতিকল্পে গঠনমূলক সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। আজ গিয়ার্স প্রদান অনুষ্ঠানে টিসিএ-র কর্তাব্যক্তিরা একই প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী জানুয়ারির মধ্যে নরসিংগড়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খেলার জন্য তৈরি হয়ে যাচ্ছে। এমবিবি স্টেডিয়ামে ফ্লাড লাইটের কাজ ৯৫ শতাংশ প্রস্তুত। ফ্লাড লাইট আনুষ্ঠানিক প্রজ্জ্বলনের পর সাংবাদিক ক্রিকেটারদের সঙ্গে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন হবে বলে আশা ব্যক্ত করেন। টিসিএ-র এই ধরনের উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে সাংবাদিক ক্রিকেটারদের পক্ষে সুপ্রভাত দেবনাথ এবং অভিষেক দেববর্মা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং টিসিএ-র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
2023-05-04

