এল.টি.ভি:- ৩৮/৯(১৭.২)
সদর-এ:- ৪১/২(৪.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। জয়ের হ্যাটট্রিক, গ্রুপ চ্যাম্পিয়ন, জয়ের ধারা অক্ষুন্ন: সবকটি কথা-ই সদর-এ সিনিয়র মহিলা ক্রিকেট দলের জন্য প্রযোজ্য। টানা জয় অর্থাৎ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সদর-এ দল রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেট টি-টোয়েন্টির সেমিফাইনালে প্রবেশ করেছে। আজ, বুধবার গ্রুপ লীগের শেষ ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে লংতরাইভ্যালিকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে লংতরাইভ্যালি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারের মধ্যে ১৭.২ ওভার খেলে মাত্র ৩৮ রানে তারা ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে মেঘা দাস সর্বাধিক ১০ রান পায়। সদর-এ দলের কৃত্তিকা কর্মকার এক রানে তিন উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সাফল্য পায় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, অন্নপূর্ণা দাস দুটি ও মামন রবিদাস একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সদর-এ দল ২৯ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। প্রিয়াঙ্কা সাহা ও মামন রবিদাস দুজনেই ১৫ করে রান পেয়েছে।

