মণিপুরে আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার ৮০ লক্ষ টাকার মাদকদ্রব্য, আটক দুই

ইমফল, ২৬ মার্চ (হি.স.) : মণিপুরের নাম্বোল জেলায় আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকার মাদকদ্রব্য৷ এর সঙ্গে আটক করা হয়েছে দুই মাদক পাচারকারীকে৷

আজ রবিবার আসাম রাইফেলস কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার রাতে থউবাল থানার পুলিশকে সঙ্গে নিয়ে কেইথেলমানবি ব্যাটালিয়ন ড্রাগস-বিরোধী অভিযান চালিয়েছিল৷ ওই অভিযানে এমএল ১০ সি ৪৫৩৭ নম্বরের একটি দামি কারের গতি রোধ করে তাতে তালাশি চালানো হয়৷ তালাশি চালিয়ে গাড়ির বিভিন্ন গোপন খোপ এবং স্টেপনি (স্পেয়ার টায়ার)-এর ভিতর থেকে প্রায় ৮০ লক্ষ টাকার ড্রাগস উদ্ধার করেছেন অভিযানকারীরা৷ এর সঙ্গে গাড়ির চালক সহ দুই আরোহীকে আটক করা হয়েছে৷ আটক দুজনের নাম-ধাম জানাতে অস্বীকার করেছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ৷ জানান, ধৃত দুজনকে থউবাল থানা কর্তৃপক্ষ নিজেদের জিম্মায় নিয়েছেন৷