কলকাতা, ২৪ মার্চ (হি স)। ওডিশায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে কথা বলার বিষয়টিকে ব্যঙ্গ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “ভারতের অ-বিজেপি শাসিত অঙ্গরাজ্যগুলির মধ্যে যে মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনৈতিক উন্নতি ও প্রশাসন ছাড়া অন্য বিষয় নিয়ে কমই মাথা ঘামান তাঁদের অন্যতম ওডিশার নবীন পট্টনায়ক।আর যিনি ওই দুটো বিষয় ছাড়া সবকিছু নিয়েই মাথা ঘামান তাঁর নাম…তাও কি বলে দিতে হবে ?
এবার দ্বিতীয়জন প্রথমজনের কাছে তিনদিন ধরে তৈলমর্দন করতে গিয়েছিলেন, যদি একটা বিজেপি-বিরোধী ফ্রন্ট বানানো যায়! নীট ফল: একটি যুক্ত বিবৃতি, “ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরো শক্তিশালী করতে হবে”। একে পর্বতের মূষিক প্রসবও বলা যাবে না। এ হচ্ছে হিমালয়ের হাওয়া প্রসব।”

