অয়নের সঙ্গে মামা ভাগ্নীর পরিচয়ে কাটানোর কথা অস্বীকার শ্বেতার

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : অয়ন শীলের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করেছেন শ্বেতা চক্রবর্তী। বুধবার তিনি বলেন, ‘অয়ন শীলের সঙ্গে ২০১৮ থেকে পরিচয়। চুঁচুড়ায় অয়নের থেকে ফ্ল্যাট কিনেছিলাম। ফ্ল্যাট হস্তান্তর না হওয়ায় টাকা ফেরত দিয়েছিলেন অয়ন।’ অয়নের প্রযোজনায় কাজও করেছেন তিনি।

তবে, অয়নের সঙ্গে মামা ভাগ্নীর পরিচয়ে কাটানোর কথা অস্বীকার করেছেন শ্বেতা। কামারহাটিতে শ্বেতার ফ্ল্যাটে তাঁদের দু’জন মামা ভাগ্নীর পরিচয়ে আসতেন বলে স্থানীয়রা যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন শ্বেতা। শ্বেতার দাবি, সব উল্টোপাল্টা রটনা। শ্বেতা বলেন, ‘অয়ন শীলের প্রযোজনায় সিনেমায় কাজ করেছি, পারিশ্রমিক নিয়েছি। লিখিত নয়, মৌখিক চুক্তিতে পারিশ্রমিক দেন অয়ন। প্রোডাকশন হাউসে কাজ করতাম বলে গাড়ি ব্যবহার করতে দিয়েছিলেন।’

কীভাবে আলাপ, এই প্রশ্নের জবাবে শ্বেতা সাংবাদিকদের বলেন, ‘২০১৮-য় পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই অয়নের সঙ্গে যোগাযোগ। অয়নের প্রোডাকশন হাউস এবিএস ইনফোজোনের হয়ে সিনেমা, শর্ট ফিল্মও করি।’

যোগাযোগ থাকলেও নিয়োগ-দুর্নীতি সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি। ইডি এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। করলে অবশ্যই সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

আগেই শ্বেতার বাবা অরুণ চক্রবর্তী জানিয়েছিলেন, আইনজীবীদের পরামর্শ নিতে শ্বেতা কলকাতায় আছে, ইডি ডাকলে যেতে রাজি। তাঁর দাবি, চুঁচুড়ায় ফ্ল্যাট কিনতে মেয়েকে টাকা দিয়েছিলেন অয়ন। তবে বেলঘরিয়ার ফ্ল্যাটের ব্যাপারে কিছু জানা নেই। মেয়ে বড় হয়েছে, সব কিছু বলে না। অন্যায় করে থাকলে শাস্তি হবে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর। অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা ঢুকেছে শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ৫ দফায় ৫৫ লক্ষ টাকা ঢুকেছে শ্বেতার অ্যাকাউন্টে। অয়ন শীলের অ্যাকাউন্ট খতিয়ে দেখে এই তথ্য নজের আসে ইডির। কী কারণে শ্বেতাকে বিপুল অঙ্কের টাকা দিয়েছেন অয়ন? তা জানতে অয়ন শীলকে দফায় দফায় জেরা করছে ইডি। অয়নের সল্টলেকের অফিসে মিলেছে শ্বেতাকে দেওয়া গাড়ির মানি রিসিট।

অর্পিতা মুখোপাধ্যায়, হৈমন্তী গঙ্গোপাধ্যায়, সোমা চক্রবর্তীর পর শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের এক নারীর নাম জড়িয়েছে। প্রথমবারই শ্বেতার নাম প্রকাশ্যে আসার পরেই নানা জল্পনা সামনে আসে। খোঁজ শুরু হয়। এর মধ্যেই বুধবার সংবাদমাধ্যমে মুখ খুললেন শ্বেতা।