বিসিসি:- ১২৬/১০(২৬)
জেসিসি:- ১২৮/১(২৩.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। বিসিসিকে হেলায় হারিয়ে জয়নগর ক্রিকেট ক্লাবও কোয়ার্টার ফাইনালে উঠেছে। ৯ উইকেটে দুর্দান্ত জয় পেলো শক্তিশালী জয়নগর ক্রিকেট ক্লাব। সহজেই পরাজিত করলো বিসিসিকে। ৯ উইকেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো সদ্য সুপার ডিভিশন লিগ ক্রিকেটে তৃতীয় স্থানের খেতাব অর্জন করা জয়নগর ক্রিকেট ক্লাব। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রিন্স মৌর্য ও রোহিত ঘোষের দুর্দান্ত বোলিংয়ে কুপোকাৎ হলো বিসিসি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায়। সকালে টসে জয়লাভ করে জেসিসি প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় বিসিসি। জেসিসি-র পেস স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বিসিসি। এবং গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে ২৬ ওভার ব্যাট করে। দলের পক্ষে বাবুল দে ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, রিয়াজুদ্দিনের ২৯ রান উল্লেখযোগ্য। জেসিসি-র পক্ষে প্রিন্স মৌর্য (৪/২১) এবং রোহিত ঘোষ (৪/২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে জেসিসি ২৩.২ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দলীয় ১১৯ রানে শংকর পাল ৬৯ রানে ফিরলে ওপেনার দ্বীপজয় দেব ও সুরজিৎ দেববর্মা জুটি দলকে জয় এনে দেয়। শংকর ৬০ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৯ রান পায়। দ্বীপজয় ৮০ বল খেলে চারটি বাউন্ডারি মেরে ৪৪ রানে অপরাজিত থাকে। বিসিসি-র রিয়াজউদ্দিন একমাত্র উইকেটটি পেয়েছে। বিজয়ী দলের অলরাউন্ডার প্রিন্স মৌর্য পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

