নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বিরোধী দলের কর্মী সমর্থক হওয়ায় গ্রামবাসী রাবার বাগান পুড়িয়ে দিল শাসক দলের দুর্বৃত্তরা৷ ঘটনা যুবরাজ নগর বিধানসভার চান্দপুর গ্রামে৷
যুবরাজ নগর বিধানসভার চান্দপুর গ্রামে সম্প্রতি দুষৃকতিকারীদের আগুনে পুড়ে ছাই ১ হাজার ২০০ টি রাবার গাছ৷ গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ রাবার শিল্পের উপর নির্ভরশীল৷ তারা বিরোধী দলের কর্মী সমর্থক হওয়ায় ভোটের পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাবার চাষীরা৷ গ্রামের পরেশ চন্দ্র নাথ, দেবাশীষ নাথ, দীপু নাথ, দিলীপ নাথ এবং ব্রজেন্দ্র নাথের ১৪ কানি জায়গায় প্রায় ১ হাজার ২০০ টি রাবার গাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা৷ এছাড়াও জনার্ধন চন্দ্র নাথের প্রায় দুই কানি আম, জাম, কাঁঠাল বাগান আগুনের শিখায় ধবংস হয়ে যায়৷ প্রাকৃতিক সম্পদের নির্বিচারে ধবংসলীলার পরেও রাবার বোর্ড, কৃষি দপ্তর কিংবা বনদপ্তরের পক্ষ থেকে কেউ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায় নি৷ মঙ্গলবার রাবার বাগানের বিশেষজ্ঞরা যান ক্ষয়ক্ষতির পরিমাণে সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে৷ কথা বলেন রাবার চাষীদের সাথে৷ পানিসাগর থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার করা হয়নি বলে জানায় রাবার চাষীরা৷ সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে সরকার এবং শাসক দলকে রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাসের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সাহায্য করা৷ দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করার৷
2023-03-14

