ত্রিপুরার উন্নয়নে অনেক কাজ বাকি রয়েছে, এখন সেই কাজ আগামী পাঁচ বছরে সমাপ্ত করার সংকল্প নিয়েই এগিয়ে যাব : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৮ মার্চ (হি. স.) : ত্রিপুরার উন্নয়নে অনেক কাজ বাকি রয়েছে। এখন সেই কাজ আগামী পাঁচ বছরে সমাপ্ত করার সংকল্প নিয়েই এগিয়ে যাব। আজ ত্রিপুরার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে নিজ অফিস কক্ষে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের অশুভ এবং সুবিধাবাদী জোট মানুষের রায়ে প্রমাণিত হয়েছে। মানুষ তাঁদের ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। 

এদিন তিনি বলেন, মানুষের বিপুল সমর্থন নিয়ে ত্রিপুরায় বিজেপি পুণরায় সরকার গঠন করেছে। ষড়যন্ত্র হয়েছিল, মানুষ তার মোকাবিলা করেছেন। শুধু তাই নয়, তিপরা মথাও বিজেপিকে হারাতে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, ৬ থেকে ৭ আসনে বিজেপি খুবই কম ব্যবধানে পরাজিত হয়েছে। 

তিনি বলেন, গত পাঁচ বছরের শাসনকালে দুই বছর করোনার প্রকোপ উন্নয়নে বাধা সৃষ্টি করেছে। ফলে, অনেক কাজ বাকি রয়েছে। আগামী পাঁচ বছরে সেই সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করার সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব। নতুন সরকার সকলের সমন্বয়ে ত্রিপুরাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, জোর গলায় দাবি করেন তিনি।