গুয়াহাটি, ৮ মার্চ (হি.স.) : গুয়াহাটির খানাপাড়ায় কইনাধরা রাজ্য অতিথিশালায় একটি মূল্যবান ঔষধি গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় বিজেপি জোট-০২ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে কইনাধরা পাহাড়ে রাজ্য অতিথিশালা চত্বরে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী।
মেঘালয় এবং নাগাল্যান্ডে জোট সরকারের শপথ গ্রহণ শেষে গতকাল বিকাল প্রায় পাঁচটা নাগাদ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অবতরণ করেছিলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে কইনাধরা যাত্রাপথে গুয়াহাটির রাজপথে নাচেগানে মোদীকে স্বাগত জানান প্রায় ২০ হাজার জনতা। রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীয় সাংস্কৃতিক দল সমবেত গান ও নৃত্য পরিবেশন করেছে। প্রধানমন্ত্রীও তাঁর যাত্রাপথে সকলকে হাত নেড়ে অভিবাদন-সম্ভাষণ জানিয়েছেন।
এদিকে গতকাল রাতে তাঁর পৌরোহিত্যে কইনাধরায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকার পরিচালনায় মন্ত্রিবর্গকে প্রয়োজনীয় নানা বিষয়ে দিকনির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সকলকে সততা, নিষ্ঠা এবং সর্বোপরি আন্তরিকতার সঙ্গে জনতার সেবা করার আহ্বান জানিয়েছেন। বৈঠক শুরু হয়েছিল রাত প্রায় সাড়ে সাতটা থেকে।
প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠক অসম তথা গোটার কাছে এক ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন মুখ্যমন্রীরো হিমন্তবিশ্ব শর্মা। তিনি তাঁর সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন ড. শর্মা।

