ইন্দোরের পিচ নিয়ে বিসিসিআই-এর দিকেই আঙুল এমপিসিএ-এর

ইন্দোর, ৭ মার্চ (হি.স.): ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচে ইন্দোরের পিচ নিয়ে শুরু হওয়া হট্টগোল থামার যেন নামই নিচ্ছে না। ইন্দোরের পিচকেও আইসিসি ‘অকেজো’ ক্যাটাগরিতে রেখেছে এবং ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে। আইসিসির এই পদক্ষেপের পর মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) এবং বিসিসিআই বেশ সমস্যায় পড়েছে। ইন্দোরের পিচ নিয়ে বিতর্কের মধ্যেই মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআই-কে দায়ি করেছে।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া ৯ উইকেটে জিতেছে। এই টেস্ট ম্যাচটি তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। এই টেস্ট ম্যাচটিতে মোট ৩১টি উইকেট পড়েছিল, যার মধ্যে ২৬টি উইকেট স্পিনাররা নিয়ে ছিলেন। ইন্দোরের পিচকেও আইসিসি ‘অকেজো’ ক্যাটাগরিতে রেখেছে এবং ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে। এবিষয়ে এমপিসিএ সভাপতি অভিলাষ খান্দেকর বলেছেন যে হোলকার স্টেডিয়ামের পিচ নিয়ে আইসিসি যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা দায়ী নই। বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্দেশে এই পিচ তৈরি করা হয়েছিল। তার বক্তব্য বিসিসিআই থেকে কিউরেটর ইন্দোরে এসেছিলেন। অভিলাষ খান্দেকার আরও বলেছেন যে বিসিসিআই-এর দুই কিউরেটর ম্যাচের ৮-১০ দিন আগে এখানে এসেছিলেন এবং এই পিচটি তাদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল, তাই পিচ তৈরিতে এমপিসিএ-এর কোনও ভূমিকা ছিল না।

তিনি যোগ করে বলেছেন, ‘আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে আন্তর্জাতিক ম্যাচে অন্য যে কোনও স্টেট বোর্ড অ্যাসোসিয়েশনের মতো, পিচ তৈরিতে এমপিসিএ-এর কোনও ভূমিকা নেই। বিসিসিআই কিউরেটররা আসেন এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিসিআই থেকে নির্দেশনা পান।’ তবে, তিন দিনের মধ্যে ম্যাচ শেষ হওয়ার সমালোচনায় এমপিসিএ প্রধান নির্বিকার ছিলেন। এমপিসিএ মুখ খোলার পরে বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে।