আগরতলা, ৬ মার্চ (হি.স.): ত্রিপুরায় বিধানসভায় পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ডা: মানিক সাহা। এদিনের পরিষদীয় দলের বৈঠকে বিধায়ীকা প্রতিমা ভৌমিক মুখ্যমন্ত্রী হিসেবে ডা: মানিক সাহার নাম প্রস্তাব দেন এবং সর্বসম্মতিক্রমে তিনি নেতা নির্বাচিত হয়েছেন। এদিকে, আজকেই রাজ্যপালের কাছে বিজেপি সরকার গঠনের দাবি পেশ করবে। সূত্রের দাবি, সন্ধ্যা সাতটায় মুখ্যমন্ত্রী হিসেবে বিধায়কদের সমর্থন পত্র এবং সরকার গঠনের দাবি পেশ করা হবে।
আজ সন্ধ্যা পাঁচটা বাজতেই বিজেপির নির্বাচনী কার্যালয়ে নবনির্বাচিত বিধায়করা আসতে শুরু করেন। বিজেপির ৩২ জন বিধায়ক ওই বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের প্রভারী ড. মহেশ শর্মা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, সাংসদ রেবতী ত্রিপুরা এবং অসমের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের পর মঞ্চে উপস্থিত সকলকে বরণ করে নেন বিজেপির মহিলা বিধায়ীকাগণ। এরপরই পরিষদীয় নেতা নির্বাচন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছিল। বৈঠক শেষে বিজেপি পরিষদীয় নেতা হিসেবে ডা: মানিক সাহার নাম ঘোষণা দেওয়া হয়েছে। তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় রাজ্যপালের সাথে দেখা করবেন।

