ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। প্রথম লীগে হারের মোক্ষম জবাব দিয়েছে সাউথ ব্লাস্টার্স। হারিয়েছে ধলাই ওয়ারিয়র্সকে। প্রথম লীগের খেলায় ধলাই ওয়ারিয়র্স এর কাছে ৫০ রানে ব্লাস্টার্স হারলেও ফিরতি লিগে পাঁচ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে দারুণ জবাব দিয়েছে। টিসিএ আয়োজিত ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের খেলায় ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স ৫ উইকেটে ধলাই ওয়ারিয়র্সকে পরাজিত করেছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে দিনের দ্বিতীয় খেলা শুরুতে টস দিতে ধলাই ওয়ারীয়র্স প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অম্বিকা দেবনাথ সর্বাধিক ৩৯ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে সাউথ ব্লাস্টার্স আট বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ইন্দ্র রাণী জমাতিয়া ৪৮ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৫৯ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কারও পেয়েছে। প্রিয়াঙ্কা সাহা দুটি উইকেট পেয়েছিল ১৮ রানের বিনিময়ে।x
2023-01-03

