ভারতীয় রেলের আধুনিকায়নে রেকর্ড বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

কলকাতা ও আহমেদাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): ভারতীয় রেলের আধুনিকায়নে রেকর্ড বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস-সহ ৭৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “এখন ভারতে বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন তৈরি হচ্ছে। বিগত ৮ বছরে ভারতীয় রেল আধুনিকতার ভিত্তির উপর কাজ করেছে। এবার পরবর্তী ৮ বছরে আমরা দেখতে পাব ভারতীয় রেল আধুনিকতার একটি নতুন যাত্রা শুরু করছে।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “দেশের স্বাধীনতার ‘অমৃত মহোৎসব’-এ ৪৭৫টি ‘বন্দে ভারত ট্রেন’ চালু করার সংকল্প করেছিল দেশ। আজ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সংযোগকারী এই ‘বন্দে ভারত’-এর মাধ্যমে তার মধ্যে একটির সূচনা হয়েছে। বাংলার প্রতিটি প্রান্তে নিহিত রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। বাংলার পবিত্র ভূমিকে আমি প্রণাম করছি, যেখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। আমরা বন্দে মাতরম থেকে শুরু করে এখন বন্দে ভারত পর্যন্ত পৌঁছেছি। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, একবিংশ শতাব্দীর ভারতে, উন্নয়নের গতি বাড়াতে, আমাদের রেলওয়ের পরিকাঠামোর উন্নয়নও শক্তিশালী করতে হবে। এর পরিপ্রেক্ষিতে সরকার রেলওয়ে সেক্টরকে রূপান্তরের জন্য জাতীয় পরিকল্পনা হাতে নিয়েছে।”

প্রধানমন্ত্রীর কথায়, রেল স্টেশনগুলিও বিমানবন্দরের মতো গড়ে তোলা হচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনও এই তালিকায় অন্তর্ভুক্ত। বর্তমানে দেশে ভারতীয় রেলের পুনরুজ্জীবনের জন্য দেশব্যাপী প্রচার চলছে। বন্দে ভারত, তেজ, হামসফারের মতো আধুনিক ট্রেন তৈরি হচ্ছে দেশে। ভিস্তাডোম কোচ রেল যাত্রীদের একটি নতুন অভিজ্ঞতা প্রদান করছে। নিরাপদ ও আধুনিক কোচের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে।”