নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): চিন থেকে বিমান আসা-যাওয়া বন্ধ করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিন থেকে বিমান আসা-যাওয়া বন্ধ করার বিষয়ে লাগাতার দাবি জানিয়ে যাচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, চিন থেকে বিমান আসা-যাওয়া বন্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনও নির্দেশিকা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, চিন থেকে ভারত অথবা ভারত থেকে চিনের জন্য সরাসরি কোনও বিমান নেই। তবে এখনও পর্যন্ত চিনের সঙ্গে ভারতে সংযোগকারী ফ্লাইটগুলি বন্ধ করার জন্য এমন কোনও আদেশ জারি করা হয়নি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি কার্যকরী মন্ত্রক, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

