পাটনা, ৮ ডিসেম্বর (হি. স.) : বিহারের মুজাফফরপুর জেলার কুঢ়নী বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির কেদার গুপ্ত মহাজোট প্রার্থী মনোজ কুশওয়াহাকে পরাজিত করেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই নির্বাচনে জোরালোভাবে প্রচার করেছিলেন কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। হাড্ডাহাড্ডি লড়িয়ে কুঢ়নী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জেডিইউ প্রার্থীকে হারিয়ে ৩,৬৪৫ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কেদার গুপ্ত।
হিমাচল প্রদেশে কংগ্রেস ও বিজেপির পাশাপাশি আজ পাঁচ রাজ্যে উপনির্বাচনের ফলাফলও গণনা চলছে । এর মধ্যে অন্যতম হল বিহারের কুঢ়নী। এখানে সকাল ৮টায় শুরু হওয়া ভোট গণনা ২৩ রাউন্ড ধরে চলে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপির কেদার গুপ্তা প্রথম নয়টি রাউন্ডের গণনাতে এগিয়ে ছিলেন। জেডিইউ-এর মনোজ কুশওয়াহা ১০ তম রাউন্ড থেকে ১৮ তম রাউন্ডে এগিয়ে ছিলেন। শেষ পাঁচ রাউন্ডে, কেদার গুপ্ত মহাজোটের মনোজ কুশওয়াহাকে পরাজিত করে ৩৬৪৫ ভোটে জিতেছেন। ভোট গণনায়, বিজেপি পেয়েছে ৭৬৬৫৩ এবং জেডিইউ ৭৩০০৮ ভোট পেয়েছে। বিজেপির জয়ের ব্যবধান ছিল ৩৬৪৫।

