নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ বাজারিছড়ার ছাগলমোহা গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দুটি হস্তনির্মিত বন্দুক সহ এক ব্যক্তি আটকের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷জানা গেছে শুক্রবার গভির রাতে বাজারিছড়া থানার সাব ইন্সপেক্টর ধনস্বরাজ বসুমাতারি দলবল নিয়ে স্থানীয় উজান ছাগলমোহা গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে এক জোড়া হ্যান্ড মেইড বন্দুক উদ্ধার করেন৷ এ কান্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতের নাম কমরুল আহমেদ(ত্রিশ)৷ জানা গেছে আটক ব্যক্তির নামে পুলিশে একাধিক মামলা ঝুলে রয়েছে৷ এ মর্মে পুলিশের সাব ইন্সপেক্টর ডি বসুমাতারি জানান যে পুলিশি অভিযানের আগাম খবর পেয়ে অভিযুক্ত যুবকটি নিজ বাড়ি থেকে পালিয়ে লাগোয়া তার কাকার বাড়িতে আত্মগোপন করেছিল৷ পরে তাকে তার কাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ পুলিশি তল্লাশিতে তার কাকার বাড়ির বিছানার সম্মুখ ভাগ থেকে দুটি হাতে বানানো বন্দুক উদ্ধার হয়৷ উক্ত রাতে তাকে থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদ করে পুলিশ৷ শনিবার ধৃতকে আদালতে তোলে তিন তিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷ বর্তমানে মামলাটির দায়িত্বে রয়েছেন পুলিশের আরেক এসআই নিরঞ্জন দাস৷ অভিযোগ মতে আটক যুবকটি গত দীর্ঘদিন ধরে বৃহত্তর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ সে ও তার সাঙ্গপাঙ্গরা খুন ডাকাতি সহ অপহরণ কান্ডেও জড়িত বলে অভিযোগ৷ এ কান্ডে অভিযুক্তের কাকা জড়িত কি না তা এখনও স্পষ্ট নয়৷ তবে পুলিশ সে বিষয়টুকুও খতিয়ে দেখছে৷ পুলিশের এহেন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় জনগন৷
2022-11-20

