জম্মু, ১৯ নভেম্বর (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন পাকিস্তানি অনুপ্রবেশকারী। কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গুলি করে এক পাক অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে সেনাবাহিনী। রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের কালাল এলাকার ঘটনা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার নৌশেরা সেক্টরের কালাল এলাকায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন অনুপ্রবেশকারী। সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালান, পরে ওই এলাকা এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

