কোভিড-সংক্রমণ আরও তলানিতে; দেশে সক্রিয় রোগী ১৩-হাজারের নীচে, মৃত্যু বেড়ে ৬

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের অনেকটাই কমেছে, তবে বিগত ২৪ ঘন্টায় দেশে বেড়েছে মৃত্যু সংখ্যা। যদিও, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বৃহস্পতিবার সারা দিনে দেশে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৬ জন রোগীর, ৫ জনের মৃত্যু হয়েছে কেরলে ও একজনের রাজস্থানে। বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। বিগত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর পর শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৫২০ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১২ হাজার ৭৫২-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪২ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৬৪,৮১০ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১২ হাজার ৭৫২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।
বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ০৭৫ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৭৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,২১,৫৩৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।