নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ প্রায়ত হলেন ১০৩২৩ চাকুরীচ্যুতদের আরও একজন৷ বৃহস্পতিবার ভোরে প্রয়াত হন খুমুলুঙ নিবাসী সুজীত দেববর্মা৷ ১০৩২৩ এই সংখ্যা রাজ্যের রাজনৈতিক পালা বদলে গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছিল ২০১৮ সালে৷ তাদের স্বপ্ণ ও আকাঙ্খা ছিল নতুন সরকার তাদের দিকে মানবিক দৃষ্টিতে তাকাবে৷ ফিরে পাবে চাকুরী৷ কিন্তু সময় যত গড়িয়েছে রাজনৈতিক দোলাচলে আইনী বেষ্টনীতে আবৃস্ট হয়ে সেই স্বপ্ণ ভঙ্গ হয়েছে তাদের৷ একাধিক দলে দ্বিধা বিভক্ত ১০৩২৩ -র সদস্যরা লড়াই আন্দোলন চালিয়ে গেছেন সমান তালে৷ রাজপথে আন্দোলনে নেমে গ্রেপ্তারও হতে হয় অনেককেই৷ নির্বাচন দোর গোড়ায়৷ এখন আবার একাংশ ১০৩২৩-র সদস্যদের মত পরিবর্তন হয়েছে৷ সরকারের সঙ্গ ছেড়ে তারাও এখন রাজপথে নেমেছে অনশনে৷ কিন্তু থেমেই নেই মৃত্যু মিছিল৷ বৃহস্পতিবার খুমুলুঙ এলাকার বাসিন্দা ১০৩২৩-র এক সদস্য সুজীত দেববর্মা প্রয়াত হলেন৷ চাকুরী হারানোর পর থেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি৷ এরই মাঝে হৃদরোগে আক্রান্ত হন৷ ভর্তি ছিলেন খুমুলুঙ হাসপাতালে৷ অবশেষে শেষ রক্ষা হলনা৷ কান্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী , সন্তানেরা৷ এখনো পর্যন্ত মোট ১৪৫ জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে ৬ জন জনজাতি অংশের মানুষ৷
2022-11-10

