নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অবিলম্বে শূন্য পদ পূরণের জন্য আর রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের কাছে জোরালো দাবি জানিয়েছে৷ শূন্য পদ থাকা সত্ত্বেও ল্যাবরেটরি টেকনোলজিস্টদের দীর্ঘদিন ধরে নিয়োগ করা হচ্ছে না৷ দীর্ঘদিন ধরে শূন্য পদ গুলি পূরণ না করায় ওইসব পদগুলি অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিলম্বে ১৪৩ টি শূন্য পদ পূরণ এবং বেকারদের কর্মসংস্থানের তাগিদে নতুন পদ সৃষ্টি করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷ সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে ২০১৭ সালে শেষবারের মতো নিয়োগ করা হয়েছিল৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আর কোন লোক নিয়োগ করা হয়নি৷ ফলে টেকনিশিয়ানের অভাবে স্বাস্থ্যপরিসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পরিচালনা করা এবং বেকারদের অবিলম্বে নিয়োগের দাবিতে অল মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে একাধিকবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্য সরকারের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করার পরও তাদেরকে আশ্বাস বাণী ছাড়া কার্যত নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷ সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের আগেই শূন্য পদ পদগুলি পূরণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে তারা আরো জানান ব্লাড ব্যাংকে ১৪৯টি পদ শূন্য করে আছে৷ ওই সব পদে নিয়োগ করা হচ্ছে না৷ অবিলম্বে শূন্যপদ পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন৷
2022-11-09

