নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): আগের তুলনায় সামান্য উন্নতি হলেও, রাজধানী দিল্লির বাতাস এখনও দূষিতই। দিল্লির বাতাস থেকে ধোঁয়াশাও মোটে কাটছে না। সবমিলিয়ে বলতে গেলে, মঙ্গলবার হাওয়া খারাপ দিল্লিতে। এদিন সকালে দিল্লির জি টি কারনাল রোড, মান সিং রড ও লোধি রোড প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। সকাল সাতটা নাগাদ বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২১, যা খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে।
দূষণের কারণে দিল্লিতে যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল তা শিথিল করা হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে অবশ্য এখনও নিষেধাজ্ঞা রয়েছে। ৯ নভেম্বর, বুধবার থেকে দিল্লিতে ফের খুলছে প্রাথমিক স্কুল। অথচ দিল্লির দূষণ এখনও পুরোপুরি কাটেনি, দূষণ কাটানোর জন্য সকাল থেকেই দিল্লির বিভিন্ন রাস্তায় নেমে পড়ছে অ্যান্টি স্মগ গান। তাতে অবশ্য বায়ুদূষণ কিছুটা কমেছে। এদিকে, দিল্লি লাগোয়া গুরুগ্রাম ও নয়ডাতেও দূষণ কিছুটা কমেছে।

